জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছর সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে উচ্চ আদালত। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন এবং অধস্তন আদালতে তাকে দেওয়া অর্থদ- স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট।
জোবাইদার করা আপিলের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত মঙ্গলবার হাইকোর্টে আপিল করতে ৫৮৭ দিন (বিচারিক আদালতের রায়ের সময় থেকে) বিলম্ব মার্জনা এবং আপিলের অনুমতি পেয়েছিলেন জোবাইদা।
আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। অ্যাডভোকেট এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে (জোবাইদা রহমান) নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় জামিন দিয়েছে হাইকোর্ট।’
ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। তাতে তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
