সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ওই সংগঠনের এক নেত্রী। মামলায় ওই নেত্রী দাবি করেছেন, সংগঠনের তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাওয়ায় আসামিরা তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দিয়েছেন।
আসামিরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ, যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান ও রেদওয়ান মুন্সি। সংগঠনের যুগ্ম সংগঠক সুমাইয়া আক্তার গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে তদন্তের জন্য সিলেট কোতোয়ালি থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, তিনি সংগঠনের তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাওয়ায় অভিযুক্ত ওই ৪ নেতা তার ওপর ক্ষিপ্ত হন। তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরা অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেন। ঘটনার পরদিন ৮ মে তিনি সিলেট কোতোয়ালি থানায় এব্যাপারে একটি জিডি করেন।
বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যতম অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলা যে কেউ করতে পারে, কিন্তু সেটি প্রমাণ করতে হয়। আমাদের সামাজিকভাবে হেনস্থা করতেই বাদী এই মিথ্যা মামলা করেছেন।’
তিনদিনের ব্যবধানে সোনার দাম ফের কমল
আন্দোলন দমাতে বহিরাগতদের ডেকে আনার অভিযোগ