সিলেটে বড় সংগ্রহের পথে কিউইরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:২৯ পিএম

সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিনটিতে দাপট দেখিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। দিন শেষে ২০৪ রানে এগিয়ে আছে কিউইরা। নিক কেলির অপরাজিত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে কিউরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের ইনিংস থামে ২৬৮ রানে। ১২ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে ৬ বলে ৬ রান করে আউট হন রিস মারিউ। এরপর জো কার্টার এবং নিক কেলির জুটিতে ভর করে এগোয় কিউইরা। অধিনায়ক কার্টার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান। এরপর আরও ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। যার সবগুলোই পান হাসান মুরাদ। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন কেলি। রিটায়ার্ড হার্ট থেকে ফিরে এসে কার্টার হাঁকান ফিফটি। ১৩৮ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে দারুণ কার্যকরী ব্যাটিং করেন কেলি। এর মধ্যে তুলে নেন সেঞ্চুরি। তাকে সঙ্গ দেন মিচেল হে। দুজনের ব্যাটে চড়েই খেলা শেষ করে নিউজিল্যান্ড। ১৯৬ বলে ১১৭ রান করে অপরাজিত কেলি। হে টিকে আছেন ৫৬ বলে ১১ রান করে।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং নাঈম হাসান। ৩ উইকেট তুলেছেন হাসান মুরাদ। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কাল ম্যাচের শেষ দিনে মাঠে নামবে দুই দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত