এবার পুলিশের কাছে হারলো বসুন্ধরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:১৬ পিএম

এই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা পাচ্ছে না বসুন্ধরা কিংস তা আগেই নিশ্চিত হয়েছে। তবে গেল চারবারের লিগ চ্যাম্পিয়নদের দ্বিতীয় স্থানে থাকা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কারণ, আজ শুক্রবার পুলিশের কাছে ধরা খেলো বসুন্ধরা কিংস।

নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনাতে পুলিশের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বসুন্ধরা। এবারের লিগে এটি স্বাগতিকদের চতুর্থ হার। এই হারের পর ১৫ ম্যাচে ২৫ পয়েন্টে তিনেই রইলো বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী বসুন্ধরার চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে আছে।

আজ কিংস অ্যারেনাতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। ৫০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দীপক রায়। পুলিশের এক ফুটবলারের শট কিংসের গোলকিপার শ্রাবণ ফিরিয়ে দিলে বল পান দীপক। বক্সের মধ্যে থেকে সহজেই জালে বল পাঠান তিনি।

হঠাৎ ঝড় ও বৃষ্টির কারণে ৮২ মিনিটের পর ম্যাচ কিছুক্ষণ বন্ধ ছিল। তবে এরপর মাঠে খেলা ফিরলেও বসুন্ধরা ম্যাচে ফিরতে পারেনি।

গেল জানুয়ারিতে বসুন্ধরা কিংসের কাছে পুলিশ হেরেছিল ৫-০ তে। এবার প্রতিশোধ নিল পুলিশ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত