দিনাজপুরে সড়ক অবরোধ, থানা ঘেরাও

শ্রমিকনেতা ২ ঘণ্টা পর মুক্ত

আপডেট : ১৮ মে ২০২৫, ০১:৪১ এএম

দিনাজপুরে শাহ আলম নামের এক শ্রমিক নেতাকে আটকের জেরে জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। তারা দিনাজপুর কোতোয়ালি থানার সামনে পিকআপ রেখে ঘেরাও করে। এর দুই ঘণ্টা পর আটক শ্রমিক নেতাকে ছেড়ে দিলে অবরোধ তুলে নেন তারা।

জানা গেছে, গত শুক্রবার রাত সোয়া ৮টায় দিনাজপুর কোতোয়ালি থানার সামনের গেটে চারটি পিকআপ আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করা হয়। এ সময় তারা দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী বাসস্ট্যান্ড এলাকা, হাউজিং মোড় এলাকা, কাহারোল উপজেলার দশমাইল মোড় এলাকায় রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করেন। আটক শ্রমিক নেতা শাহ আলম জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্গত দিনাজপুর শহরের হাউজিং মোড় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, শ্রমিকদের পক্ষ থেকে শাহ আলমকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত