ধানমন্ডি ২৭ নম্বর এখন শহীদ ফারহান ফাইয়াজ সড়ক

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:২৮ এএম

রাজধানীর ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়ককে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ‘ফারহান ফাইয়াজ’-এর নামে নামকরণ করে ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল শনিবার সড়কের নামফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ‘রাপা প্লাজা’ এবং ‘জেনেটিক প্লাজার’ মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

ফলক উন্মোচন শেষে ডিএসসিসি প্রশাসক শাহজাহান বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ধানম-ির পুরাতন ২৭ নম্বর সড়কটির নাম পরিবর্তন করে আজ (গতকাল) শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকৃত ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সেই মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয়, ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তী সরকার ও দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত