ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রপাতের পর লাগা আগুনে একটি তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে ওই গাছের একটি অংশ গোডাউনের চালের ওপর পড়ে গেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গোডাউনে থাকা তুলা দগ্ধ হয়।
বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ বলেন, “ঝড় ও বজ্রপাতের সময় পাশের খেজুর গাছে আগুন ধরে যায়। পরে সেই গাছের একটি অংশ গোডাউনের ওপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। আমরা তখনই ফায়ার সার্ভিসে খবর দিই। তবে তাদের আসার আগেই বেশিরভাগ তুলা পুড়ে যায়।”
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে এসে জানতে পারি বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে।”
বিইউবিটিতে সফলভাবে অনুষ্ঠিত এআই অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্ব
‘ফাগুন’-খ্যাত গায়ত্রী হাজারিকা আর নেই