রোনালদোর সঙ্গে দ্বৈরথকে 'চমৎকার' বললেন মেসি

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:২৭ পিএম

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ইউরোপে খেলেছেন পারফরম্যান্সে তাদের ধারের কাছে কেউ ছিলেন না। এই দুজনে মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি'অর। এখন মেসি খেলেন যুক্তরাষ্ট্রের লিগে আর রোনালদো সৌদি আরবের লিগে। তবে এই দুজনের মধ্যে কে সেরা সেই বিতর্ক যেন এখনও চলমান ভক্তদের মাঝে।

সম্প্রতি ফ্রান্স সাময়িকীর মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর কর্তৃপক্ষের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে তিনি কথা বলেছেন রোনালদোর সঙ্গে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বিতা এবং পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার তাড়না প্রসঙ্গে।

মেসি বলেন, 'আমরা একে অপরকে উজ্জীবিত করেছি।' রোমাঞ্চকর দ্বৈরথ নিয়ে বলেন, 'এই লড়াই সব সময়ই ছিল। ক্রীড়ার পরিভাষায় এই দ্বৈরথ খুবই চমৎকার। আমরা পরস্পরকে আরও ভালো পারফর্মার হতে ক্রমাগত চাপ দিয়ে গেছি, কারণ দুজনেই ছিলাম চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে (রোনালদো) সব সময়ই সবকিছু জিততে চাইতো, একইভাবে আমিও। আমাদের এবং ফুটবল সমর্থকদের জন্য ওই সময়টা ছিল দারুণ।'

মেসি ও রোনালদো এখন খেলছেন ভিন্ন দুটি দেশের ক্লাবে। আগে স্পেনের ক্লাবে খেলার সুবাদে তাদের দেখা হতো প্রতিপক্ষ হিসেবে। ইউরোপের ক্লাবে থাকতে চ্যাম্পিয়নস লিগে দেখা হওয়ারও সুযোগ থাকতো।

বর্তমান সময়টা নিয়ে মেসি বলেন, 'সময়টা আমাদের জন্য, আর যারা ফুটবল ভালোবাসে তাদের জন্যও দারুণ ছিল। আমরা দীর্ঘ সময় ধরে যেটা করেছি সেটা সত্যিই প্রশংসনীয়। অনেক সময় বলা হয়, ওপরে ওঠা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হলো সেখানে টিকে থাকা। আর আমরা সেটা করেছি দশ, এমনকি পনেরো বছর ধরে।'

৪০ ছুঁইছুঁই রোনালদোর গোল ৯৩৫টি। আর ৩৭ বছর বয়সী মেসির ৮৬০ গোল। শেষ পর্যন্ত ক্যারিয়ারে কার গোল বেশি থাকবে সেটি সময়ই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত