পাওনার মাত্র ১৫৫ টাকা চাওয়ায় দোকানীকে হত্যা, একজনের যাবজ্জীবন

আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীকে হত্যার দায়ে আসামি নুর আমিন (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

রবিবার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নুর আমিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর মিস্ত্রিপাড়া  মহল্লার আ. সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়া নিয়ে দোকানদার রমজান আলীর সাথে নুর আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় আঘাত করে গুরুতর জখম করে নুর আমিন। স্থানীয়রা রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত