অপহরণের ৩৫ ঘণ্টা পর ১১ মাসের শিশু উদ্ধার 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে অপহরণ হওয়া ১১ মাসের শিশু নাফিজকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজন হচ্ছেন নিঃসন্তান দম্পতি সুজি আরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২)। তাদের বাড়ি শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন তার ১১ মাস বয়সী সন্তান নাফিজকে ঘরে শুইয়ে রাখেন। পরে রান্নার কাজ শেষে ১২টার দিকে ঘরে গিয়ে দেখেন সন্তান নেই।

খোঁজাখুঁজির একপর্যায়ে রুবেলের এক প্রতিবন্ধী ভাতিজি জানায়, সে নাফিজকে নিয়ে হাজারবিঘি বাজারে কেক কিনতে যাচ্ছিল। পথে পাকা রাস্তার ওপর বোরকা পরা এক নারী এসে শিশুটিকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় রুবেল শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজি আরাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে সুস্থ অবস্থায় নাফিজকে উদ্ধার করা হয় এবং তার স্বামী মানিকুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্তান লালন-পালনের তীব্র আকাঙ্ক্ষা থেকেই তারা শিশুটিকে ছিনতাই করেছিলেন বলে গ্রেপ্তারকৃ‌ত নিঃসন্তান দম্পতিটি দাবি করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত