কুমিল্লায় বিক্ষোভে বক্তারা

১৭ সেকেন্ডও দাঁড়াতে পারেননি, হাসনাতের কারণেই সেই স্বাধীনতা এসেছে

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় বক্তারা বলেন, তারা ভুলে যাচ্ছেন, গত ১৭ বছরে তারা ১৭ সেকেন্ডও সেই মঞ্চে দাঁড়াতে পারেননি। হাসনাত আব্দুল্লাহর মতো সংগ্রামীদের কারণেই আজ তাদের সেই স্বাধীনতা এসেছে।

জুলাই অভ্যুত্থানের আহত, শহীদ পরিবার ও স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে মঙ্গলবার (২০ মে) দুপুরে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিলটি। পরে পৌর মার্কেট এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে সংবাদ সম্মেলনে যে ধরনের মন্তব্য করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানায়। এ ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, বরং একজন ইতিহাসের অংশ হয়ে ওঠা ব্যক্তিকে অবমাননার শামিল।

বক্তারা আরও বলেন, যারা আজ স্বাধীনভাবে প্রেস ক্লাবে কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন, হাসনাত আব্দুল্লাহর মতো সংগ্রামীদের কারণেই আজ তাদের সেই স্বাধীনতা এসেছে। গত ১৭ বছরে তারা ১৭ সেকেন্ডও সেই মঞ্চে দাঁড়াতে পারেননি। আজ তারা যা করছে, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই অর্জন।

বক্তারা দ্রুত হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, যে জাতি তার বিপ্লবীদের অমর্যাদা করে, সে জাতির ভবিষ্যৎ কখনোই আলোকিত হতে পারে না। আমরা আহ্বান জানাই, সবাই যেন ইতিহাসকে শ্রদ্ধা করে এবং ব্যক্তি আক্রমণ পরিহার করে।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একটি সমাবেশে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন— কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।’

তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির নেতাকর্মীরা। তারা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায়, তাকে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত