কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:৩১ পিএম

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ট্রাকচাপায় আহসান হাবিব তুষার (৩৫) ও রাব্বি হোসেন (৩০) নামের মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলে করে কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে মিরপুর পশুর হাটের উদ্দেশ্যে যাওয়ার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের বিজিবি সেক্টরের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল তাদের পেছনে ধাক্কা দেয়। এতে তুষার ও রাব্বির মোটর সাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে বালুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আহসান হাবীব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধী অবস্থায় সন্ধ্যা ৬টায় রাব্বি হোসেনের মৃত্যু হয়। 

নিহত তুষার ঝিনাইদহের একটি ফিড কারখানায় চাকরি করতেন এবং তার বন্ধু রাব্বি ছিলেন মুদি দোকানী। তারা কুষ্টিয়া শহরের মঙ্গল বাড়িয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন পুলিশ।

রাব্বির চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, কোরবানির গরু কিনতে মিরপুর পশুহাটে যাওয়ার পথে বিজিবি সেক্টরের সামনে তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে ড্রাম ট্রাকের চাপায় মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানান, বিকেলে বিজিবি সেক্টরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ও ট্রাকচাপায় দুজনের মৃত্যু এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত