সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পাঁচ ম্যাচের পরিবর্তে সিরিজটি হবে তিন ম্যাচের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত ছিলেন। পরে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘দুই বোর্ডের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফর করবে, যেগুলো অনুষ্ঠিত হবে লাহোরে।’
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটাররা ৫ ম্যাচই খেলতে চেয়েছিলেন। তবে বিপত্তি বাধে ঈদের আগে ৬ জুন তারিখে কোনো ফ্লাইট না থাকায়। ক্রিকেটাররা পরিবারের সঙ্গে ঈদ করতে চেয়েছেন। তাই বাধ্য হয়েই দুই ম্যাচ কমিয়ে আনতে হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ এবং ২৭ মে শুরু হবে সিরিজ। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত দুই বোর্ডের পারস্পরিক আলোচনা সফল হওয়ায় নির্ধারিত হলো সফরের রূপরেখা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। শুরুতে দুই ম্যাচের সিরিজ হলেও পরে বেড়ে দাঁড়ায় তিন ম্যাচে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ, যেখানে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দুই দল। পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে লাহোরে। এরপর ওই ভেন্যুতেই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
