জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া জানালেন কৃতজ্ঞতা

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:২০ এএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের উদ্দেশে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নুসরাত ফারিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন ৪টা ২০ মিনিটে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’

এর আগে গতকাল সকাল দশটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিনের আদেশ দেন।

হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর থেকেই নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। যাতে যুক্ত হন খোদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। রবিবার গ্রেপ্তারের পর সোমবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে আগামীকাল ২২ মে শুনানির দিন ধার্য করে। তবে, গ্রেপ্তারের দুদিন পর এবং জামিন শুনানির ধার্যকৃত দিনের দুদিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া।

সোমবার থেকে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন ফারিয়া। গতকাল জামিন আদেশের পর এ সংক্রান্ত নথিপত্র দ্রুত পাঠানো হয় কারাগারে। বিকেল সাড়ে তিনটার দিকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লিখেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’

থাইল্যান্ডে যাওয়ার জন্য রবিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তাকে গ্রেপ্তার দেখানো হয় ভাটারা থানার এ মামলায়। সোমবার তাকে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে উভয়পক্ষে শুনানি হয়। শুনানি শেষে আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এ ছাড়া ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট করেছিলেন কি না সেই মর্মে প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রতিক্রিয়া জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটা বিব্রতকর ঘটনা হয়ে থাকল আমাদের জন্য’। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তার (নুসরাত ফারিয়া) নামে যদি মামলা থাকে, আপনি কী করবেন? ছেড়ে দিলে আবার বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন।’

জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক ব্যক্তি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত