স্মার্ট টিভির ব্যবসায় মন্দা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:৪৭ এএম

ফুটবল বিশ্বকাপ মানেই নিজ দলের পক্ষে নানান যুক্তি দাঁড় করানো। কোনোভাবেই পিছিয়ে পড়া যাবে না। এমনকি খেলা দেখার ক্ষেত্রেও তৈরি হয় গ্রুপিং। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের আয়োজন করে খেলা দেখার ঐতিহ্য রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ শুরুর আগে পাড়া-মহল্লার চায়ের দোকানে কেনা হয় নতুন টেলিভিশন। বিভিন্ন ক্লাব ও সমিতিতে আয়োজন থাকে অন্যরকম। তবে এবারের বিশ্বকাপে দেশের টেলিভিশন বা স্মার্ট টিভির ব্যবসা তেমনটা জমে উঠেনি। এর জন্য খাত সংশ্লিষ্টরা বিভিন্ন ডিজিটাল মাধ্যম তথা মোবাইল অ্যাপসের ব্যবহারকে দায়ী করেছে।

আবার অনেকে বলছেন, যেসব দেশে খেলা অনুষ্ঠিত হবে, সেখানকার সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্যের কারণে টিভির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে এবারের বিশ্বকাপে প্রত্যাশিত বাজার পাবেন না এ খাতের উদ্যোক্তারা।

বিভিন্ন ইলেকট্রনিকস শোরুম ঘুরে জানা গেছে, বর্তমানে ব্র্যান্ডভেদে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনের দাম ২০ থেকে ৩৫ হাজার টাকা, ৪৩ ইঞ্চির স্মার্ট টেলিভিশনের দাম ৩৫ থেকে ৬৫ হাজার টাকা এবং ৫৫ থেকে ৬৫ ইঞ্চির স্মার্ট টেলিভিশনের দাম ৬০ হাজার টাকা থেকে ১ লাখ টাকারও বেশি।

বিশ্বকাপ যত ঘনিয়ে আসে, টেলিভিশনের বাজারে তত প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এ সময় ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ইলেকট্রনিকস প্রতিষ্ঠান বিশেষ ছাড়, উপহার ও নানা ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। তবে ব্যবসায়ীদের দাবি, গত আসরগুলোর তুলনায় এ বছর বিক্রি খুব একটা বাড়েনি। এ জন্য মোবাইল অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব রয়েছে বলে মনে করেন তারা।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মার্ট টেলিভিশনে মূল্য ছাড় দিচ্ছে বিভিন্ন কোম্পানি। ওয়ালটন তিন ক্যাটাগরিতে গ্রাহকদের ছাড় দিচ্ছে। ব্র্যান্ডটির নির্দিষ্ট স্মার্ট টিভিতে প্রি অর্ডারে রয়েছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া রয়েছে হট সেল ও একচেঞ্জ অফার। মিনিস্টারের বিভিন্ন স্মার্ট টেলিভিশনেও ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। হাইয়ার ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভিতে ২ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তবে বড় আকারের টিভির ক্ষেত্রে ছাড়ের পরিমাণটাও বেশি থাকছে। এ ছাড়া অনলাইনে বিভিন্ন ই-কমার্স শপগুলোতেও বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে স্মার্ট টেলিভিশন।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আসর শুরুর আগেই বাসাবাড়ির ছাদে প্রিয় দলের পতাকা উড়তে শুরু করেছে। গলির দেয়ালে আঁকা হচ্ছে প্রিয় তারকা বা দলের ছবি। এর সঙ্গে বর্তমান সময়ে যুক্ত হয়েছে সামাজিক মাধ্যমের নানান প্রচারণা। কেউ প্রিয় দলের রঙে প্রোফাইল ছবি ও কাভার ফটো পরিবর্তন করছেন, আবার কেউ সমর্থন জানিয়ে পোস্ট দিচ্ছেন।

খেলা দেখার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে বসে টেলিভিশনে খেলা উপভোগের পাশাপাশি এখন যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্টফোন। ফলে এর কিছুটা প্রভাব পড়েছে স্মার্ট টেলিভিশন বিক্রির ওপর।

একসময় বাজারে বক্স টেলিভিশনের চাহিদা বেশি থাকলেও এখন সেই জায়গা দখল করেছে স্মার্ট এলইডি টেলিভিশন। অ্যান্ড্রয়েডভিত্তিক বিভিন্ন সুবিধা ও ইন্টারনেটনির্ভর সেবার কারণে এসব টেলিভিশনের প্রতি ক্রেতাদের আগ্রহও বেড়েছে।

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ইলেক্ট্রোনিক্স শোরুমগুলোয় স্মার্ট টিভি কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। কেউ পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন, কেউ আবার বাজার যাচাই করতে একাধিক শোরুম ঘুরছেন। আবার কেউ পুরনো টেলিভিশন বদলে নতুন কিনতে এসেছেন।

গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে যাত্রাবাড়ী থেকে স্মার্ট টিভি কিনতে আসেন জহিরুল ইসলাম। ৫ বছর আগে একই শোরুম থেকে ৫৫ ইঞ্চির একটি স্মার্ট টিভি কিনেছিলেন তিনি। তবে পুরনোটিতে কিছু সমস্যা দেখা দেওয়ায় নতুন আরেকটি টিভি নিয়েছেন। দেশ রূপান্তরকে জহিরুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলা দেখা উপলক্ষেই টিভি কিনতে এসেছি। ৬৫ ইঞ্চির একটি পছন্দ হয়েছে। পরিবারের সবাই মিলে খেলা দেখা মোবাইল বা ছোট স্ক্রিনে জমবে না। তাই নতুন বড় টিভি নিচ্ছি।’

মুগদা থেকে আসা ইউনুস শাকিল ৫৫ ইঞ্চির একটি স্মার্ট টিভি কিনেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ফুটবল খেলা দেখতেই টিভি কিনলাম। বর্ডারলেসটার দাম ২৫ হাজার টাকা বেশি। আমার বাজেট কম, তাই বর্ডারসহ মডেলটাই নিয়েছি।’ আরও কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও ফুটবল বিশ্বকাপ উপলক্ষেই স্মার্ট টিভি কিনছেন।

ব্যবসায়ীরা বলেন, এ বছর অন্যান্য সময়ের তুলনায় স্মার্ট টেলিভিশন বিক্রি কিছুটা বাড়লেও গত ফুটবল বিশ্বকাপের তুলনায় কম। স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এসএম আহাদ দেশ রূপান্তরকে বলেন, ‘আগের তুলনায় বিক্রি বেড়েছে, তবে গত বিশ্বকাপের তুলনায় অনেক কম। এর কারণ মোবাইল অ্যাপ। আগে কোনো না কোনো গোপন লিংক থেকে খেলা দেখতে হতো। এখন ১০০ টাকা খরচ করলেই মোবাইলে খেলা দেখা যায়।’

তার মতো আরও কয়েকজন ব্যবসায়ীও মনে করেন, স্মার্টফোনে খেলা দেখা সহজ হওয়ায় টিভি বিক্রির ওপর প্রভাব পড়ছে। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে।

বাসাবো এলাকার হাইয়ার ব্র্যান্ডের একটি শোরুমের ম্যানেজার আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আগের তুলনায় স্মার্ট টিভি বিক্রি বেড়েছে। বিশ্বকাপ উপলক্ষে অনেক ক্রেতা শোরুমে এসে বিভিন্ন মডেলের টিভি দেখছেন। অনেকে অফার ও মূল্যছাড় সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আসর যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘পরিবারের সবাই মিলে টেলিভিশনে খেলা দেখার আনন্দ আলাদা। ফোনে একা খেলা দেখার সঙ্গে এর তুলনা হয় না। যারা টেলিভিশন কিনতে চান, তারা কিনবেনই। এতে বিক্রির ওপর খুব একটা প্রভাব পড়বে বলে মনে করি না।’

বেস্ট ইলেকট্রনিক্সের এক শোরুমের ম্যানেজার শাফায়াত সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ‘গত মাসের তুলনায় এ মাসে টিভি বিক্রি বেড়েছে। তবে বিক্রি খুব বেশি বেড়েছে এমন বলা যাবে না।’

তিনি জানান, শোরুমে স্যামসাং, সনি, টিসিএলসহ বিভিন্ন ব্র্যান্ডের এলইডি টেলিভিশন রয়েছে। সব ধরনের ব্র্যান্ড ও আকারের টিভিরই চাহিদা রয়েছে। তবে যেসব মডেলে বেশি মূল্যছাড় দেওয়া হচ্ছে, সেগুলোই ক্রেতাদের পছন্দের তালিকায় বেশি জায়গা করে নিচ্ছে।

বাজার পরিস্থিতির বিষয়ে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ও চিফ বিজনেস অফিসার (টেলিভিশন) সৌরভ আকতার দেশ রূপান্তরকে বলেন, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বর্তমানে ওয়ালটন স্মার্ট টিভির বিক্রি দ্বিগুণ বেড়েছে। বর্তমানে প্রযুক্তি আরও উন্নত হয়েছে। তবে এখন মোবাইল অ্যাপ ছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মানুষ খেলা দেখছে। যার ফলে দেশের স্মার্ট টেলিভিশনের বাজার আগের তুলনায় কমেছে। আগে যেখানে প্রতি বছর ৩০ লাখ টিভি বিক্রি হতো, বর্তমানে ১০ লাখে নেমে এসেছে। গত বিশ্বকাপের তুলনা করলে এ আসরে স্মার্ট টেলিভিশন বিক্রির সংখ্যা কমেছে।

মিনিস্টারের ব্যান্ড মার্কেটিং ম্যানেজার জুয়েল রানা দেশ রূপান্তরকে বলেন, স্মার্ট টেলিভিশন নিয়ে ফুলবল বিশ্বকাপ উপলক্ষে আমাদের যে প্রত্যাশা ছিল, তেমন বিক্রি হচ্ছে না। গত আসরের তুলনায় এ বছর বিক্রি অনেক কম। মোবাইল ও বিভিন্ন অ্যাপের কারণে মানুষ এখন টিভি দেখা কমিয়ে দিয়েছে। এ ছাড়া অর্থনেতিক কারণও আছে। অনেকে ক্রয় ক্ষমতার বাইরে থাকায় স্মার্ট টিভিকে বিলাসি পণ্য হিসেবেই দেখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত