মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধারসহ যোগেন্দ্র মল্লিক (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং ডিবির ওসি মাহবুবুর রহমান মোল্লা।
নোবেল চাকমা জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় ডিবির অভিযানে যোগেন্দ্র মল্লিককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির গোয়ালঘরের খড়ের নিচ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের জাল বাংলাদেশি নোট এবং ৩ হাজার ৯০০ রুপি ভারতীয় জাল নোট। জিজ্ঞাসাবাদে যোগেন্দ্র মল্লিক স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসায় জড়িত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে ছড়ানোর উদ্দেশ্যে জাল টাকাগুলো নিয়ে এসেছিলেন।
নোবেল চাকমা আরও জানান, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে অতীতেও একাধিক জাল টাকা সংক্রান্ত মামলা রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে র্যাব তাকে শ্রীমঙ্গল থেকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ আটক করেছিল।
এদিকে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
‘মেসি ও আমি ইতিহাস গড়েছি, এবার পালা ইয়ামালের’