নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা সুপারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অভিভাবক সমাবেশে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল উপজেলার তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মাদ্রাসার চাকরিচ্যুত সুপার মাওলানা আবুল হোসাইন সাঈদী আদালতের রায় পেয়ে আবার যোগ দেন। কিন্তু মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিহাবউদ্দিন শিমুল মাদ্রাসায় আসতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদ্রাসা সুপার মাওলানা আবুল হোসাইন বলেন, ‘শিমুল আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন।’ বড়াইগ্রাম থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
