শ্রীপুরে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ, গুদাম সিলগালা

আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:০৩ এএম

গাজীপুরের শ্রীপুরে একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়েছে। পরে গুদামটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন ব্যান্ডের নামে বস্তাভর্তি করে ভেজাল সার গুদামজাত করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ভেজাল সার উৎপাদন কারখানার সন্ধান পেয়েছে কৃষি অফিস। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। আগেই টের পেয়ে পালিয়েছে অভিযুক্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সাইটালিয়া গ্রামের রফিকুল ইসলামের মালিকানাধীন একটি ঘরে গোপনে ভেজাল সার উৎপাদন করা হচ্ছিল। সবাই জানতো সেই ঘরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া ও তার লোকজন মিলে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার আড়ালেই ভেজাল সার উৎপাদন করছিলেন। পরে গোপন খবর পেয়ে কৃষি অফিসও এসিল্যান্ড সেখানে অভিযান চালান। এ সময় গুদাম ঘরে তিন টন ভেজাল সার জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

শ্রীপুর উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, অভিযানের খবর পেয়ে উৎপাদনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। ফলে কাউকে জরিমানা করা যায়নি। তবে ভেজাল সারগুলো ধ্বংস করে গুদামে সিলগালা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, বিভিন্ন নামে ভেজাল সার উৎপাদন করা হচ্ছিল। কিন্তু তাদের কোনও অনুমোদন ছিল না। পরে তাদের সারগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উৎপাদন বন্ধ করতে কারখানার গুমাম তালাবদ্ধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত