ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের মৃত ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার সময় ওৎ পেতে থাকা ডাকাতদল তিলপাড়া এলাকার সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির পথরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর এবং মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়েছেন।
নিহতের ছেলে ও পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতদের চাহিদামত টাকা-পয়সা না পেয়ে তারা মরদেহের ওপরও হামলা চালায়।
আলমগীর মিয়া আরো বলেন, টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার বাবার মৃত লাশের ওপর হামলা করেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, লাশবাহী গাড়িতে ডাকাতি দুঃখজনক ঘটনা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলটি অপরাধপ্রবণ এলাকা। এর আগেও সেখানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
গোপালগঞ্জে ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার