ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় নারীসহ নয়জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতের হামলায় আহতরা হলেন গাড়ির চালক ফিরোজ মিয়া, গাড়ির মালিক খলিল মিয়া, নিহতের স্বজন রাসেল মিয়া, ছালেক মিয়া, নাহিদ মিয়া, আলমগীর মিয়া, মো. সালাউদ্দিন, আলেয়া বেগম ও আলী নেওয়াজ মিয়া।
প্রতক্ষ্যদর্শীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ক্যানসার আক্রান্ত ছবদর আলী (৭০) ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতে অ্যম্বুলেন্সে করে লাশ নিয়ে আসার সময় বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ওত পেতে থাকা ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। এরপর ডাকাতরা গাড়ি ভাঙচুর করে মরদেহের সঙ্গে থাকা নয়জনকে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে ১০টি মোবাইলফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
নিহতের ছেলে আলমগীর মিয়া বলেন, ‘টাকা পয়সা ও মোবাইল নিছে দুঃখ নাই। কিন্তু আমার বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
নাসিরনগর থানার ওসি খায়রুল আলম দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সে জায়গাটি হাওর এলাকা। আশপাশে বাড়িঘর না থাকায় ডাকাতরা সুযোগটি নিয়েছে হয়তো। পুলিশের একটি টিম রাত ১০টা পর্যন্ত থাকে এরপর পুলিশের টহল টিমটি এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় টহলে থাকে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
