শিরোপা হাতে ধরা দিল ঠিকই, তবে তাতে জয়ের আনন্দ মিশে থাকল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমের শিরোপা তিন রাউন্ড বাকি থাকতে নিশ্চিত করে মোহামেডান। পেশাদার ফুটবল লিগের যুগে এটি তাদের প্রথম শিরোপা। তবে শিরোপা নিশ্চিতের পরের দুটো ম্যাচেই জয়হীন সাদা-কালো জার্সিধারীরা। আগের ম্যাচটা তারা হেরে গিয়েছিল রহমতগঞ্জের কাছে, আর ঘরের মাঠে মৌসুমের শেষটা তারা করল ব্রাদার্সের বিপক্ষে ৩-৩ ড্রয়ে।
গ্যালারিতে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। তাই তো পয়েন্ট হারালেও খেলা শেষেই নতুন টি-শার্ট পরলেন ফুটবলাররা। কোচও তার গায়ে জড়ান বিশেষ সেই টি-শার্ট। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি-শার্টে। দলের সাদা-কালো পতাকা হাতে গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে ছোটেন খেলোয়াড়রা। গ্যালারিতে সমর্থকরা স্মোক ফ্লোয়ার ছোটালেন। ধর্মসাগর তীরে সাদা-কালো জার্সিধারীদের এমন রঙিন উৎসবই দেখল কুমিল্লাবাসী। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।
তার আগে ম্যাচের সপ্তম মিনিটে গোল হজম করে মোহামেডান। ২৫ মিনিটে মোহামেডানের মেহেদী হাসান গোল করলে ম্যাচে সমতা ফেরে। ৩৮ মিনিটে গোল করেন মোহামেডান অধিনায়ক দিয়াবাতে। ৬৯ মিনিটে গোল করে মোহামেডানকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন দিয়াবাতে। ৭১ মিনিটে নাইজেরিয়ান এমফন সানডে উদোহ এবং ৮৭ মিনিটে মাহবুবুর জুয়েল গোল করে ব্রাদার্সকে এক পয়েন্ট এনে দেন।
একই দিনে বিপিএলের আরেক ম্যাচে গাজীপুরে ফকিরেরপুল ২-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। তাতে রেলিগেশন নিশ্চিত হয়ে যায় ওয়ান্ডারার্সের।
