নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৩০ জুন সুনির্দিষ্ট ডেট। নির্বাচন এর বাইরে যাবে না। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেস সচিব।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, তিনটি দল সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সে জায়গা থেকে সরকারের কাছ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে? এর জবাবে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। ... এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।
শফিকুল বলেন, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করার কথা বিএনপিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস। জামায়াত তাতে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।
তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে বিএনপির দাবির বিষয়ে প্রেস সচিব বলেন, বিএনপির প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজনের পদত্যাগের কথা বলেছেন, আমরা শুনেছি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির বিষয়ে তিনি বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে।
শফিকুল আলম আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া এ মাসেই শুরু হবে।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রতিনিধিদল।
