গ্লোবাল সুপার লিগে মিরাজকে পেতে চায় রংপুর

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:০৮ পিএম

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনের তোড়জোড় শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের নজরে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের একাধিক পরিচিত মুখ। তারা হলেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি বলেন, ‘মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার—ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে। যেহেতু ওরা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকে না, তাই আমাদের বিশ্বাস জিএসএলের সময় তারা ফ্রি থাকবে।’

বাংলাদেশ দল ওই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই সিরিজে না থাকা খেলোয়াড়দের নিয়ে জিএসএলের দল সাজাচ্ছে রংপুর। মিরাজ-সৌম্যের পাশাপাশি মোহাম্মদ নাইম, ইয়াসির আলী ও আবু হায়দার রনির সঙ্গেও যোগাযোগ করেছে তারা। যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে টানার ইচ্ছা রয়েছে রংপুরের।

জিএসএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ১৪ জন খেলোয়াড় থাকতে পারবেন, যার মধ্যে সাতজন বিদেশি হওয়া বাধ্যতামূলক। বিদেশি কোটায় এরই মধ্যে রংপুর দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, পাকিস্তানের আকিফ জাভেদ, দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। গতবারের মতো এবারও দলে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হরমিত সিং।

বিদেশি খেলোয়াড় প্রসঙ্গে শানিয়ান বলেন, ‘মোহাম্মদ নবীর সঙ্গেও আমাদের আলোচনা চলছে। তার মতো একজন অফস্পিন অলরাউন্ডার আমাদের দরকার। কারণ বিদেশি কোটায় একজন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার সবসময় দলের ভারসাম্য বাড়ায়।’

জাতীয় দলের খেলা ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময় এক হওয়ায় রংপুরের খেলোয়াড় পাওয়া নির্ভর করছে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। এ বিষয়ে শানিয়ান বলেন, ‘ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস ভাইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যেই অংশগ্রহণের অনুমতি ও প্রয়োজনীয় আইনি কাগজ পেয়েছি। এখন আলোচনা চলছে কোন কোন খেলোয়াড় পাওয়া যাবে এবং এনওসি দেওয়া হবে কাদের।’

জিএসএলের দ্বিতীয় আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে—দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স এবং রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রাইডার্স দলটি এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

শেষে শানিয়ান তানিম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘রংপুর রাইডার্স কখনোই শুধু অংশ নিতে টুর্নামেন্টে যায় না। আমাদের লক্ষ্য সবসময় সেরা দল গড়ে শিরোপা জয় করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত