নরসিংদীর বেলাবতে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তারে অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করা হয়েছে। এতে ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশকে বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিন্নাবাইদ ইউপি চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে বেলাব থানায় মামলা করেছেন ডিবি পুলিশ সদস্য আবদুস সালাম। গতকাল রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আবদুল হান্নান।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চবিদ্যালয়ের পাশের এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী।
