সাভারে তিন মাসের বকেয়া বেতন পরিশোধসহ ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। গতকাল রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকায় এই সড়ক অবরোধ করেন স্থানীয় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাসের বকেয়া বেতন পরিশোধসহ ঈদ বোনাসের দাবিতে গতকাল দুপুরে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা সড়কের উভয় পাশে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
