চৌহালীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, অভিযানে সরঞ্জাম জব্দ

আপডেট : ২৬ মে ২০২৫, ০২:১৫ পিএম

তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের ঘটনা বেড়েই চলেছে। দিনে-রাতে প্রকাশ্যে নদীতে ইনভার্টার ব্যবহারে মাছ শিকার করছে একাধিক অবৈধ চক্র। এতে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও নিধনের শিকার হচ্ছে। ফলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

গতকাল রবিবার দিবাগত রাতে যমুনা নদীতে পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালায় উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্স কমিটি। চৌহালীর নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও বৈদ্যুতিক শক ব্যবহৃত যন্ত্রপাতি।

জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ৭০ সেট চায়না দুয়ারী জাল, একটি কারেন্ট জাল এবং দুটি ইলেকট্রিক শক ব্যবহৃত ব্যাটারিসহ মেশিন। এসবের বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে বৈদ্যুতিক শক ব্যবহৃত যন্ত্রের দামই প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযান শেষে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বলেন, ‘ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার কারণে জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হয় এবং প্রাকৃতিক ইকোসিস্টেমে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়। দেশের মৎস্য সম্পদের জন্য এটি একটি গুরুতর হুমকি। নিষিদ্ধ এই কার্যক্রমের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ভবিষ্যতেও যৌথভাবে অভিযান পরিচালনা করবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন ও সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত