সাকিব কি জাতীয় দলে ফিরবেন

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:৩৮ এএম

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ছিলেন সাকিব আল হাসান। সেই তিনিই এখন দলে ব্রাত্য। আওয়ামী লীগ সরকারের পতনের জের ধরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। টি-টোয়েন্টি থেকে অবসর নেন শেষ বিশ্বকাপ থেকেই। বাকি থেকে যায় শুধু ওয়ানডে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় এই ফরম্যাটেও শেষ বৈশ্বিক আসর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারেননি সাকিব।

তবে দীর্ঘ বিরতির পর পিএসএল দিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। নৈপুণ্যে আগের ধার দেখা না গেলেও তার দল লাহোর কালান্দার্স হয়েছে চ্যাম্পিয়ন। তাই ঘুরে-ফিরে আবার জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা পালে লেগেছে জোর হাওয়া। বিসিবি পরিচালক ইফতেখার আলম মিঠু অবশ্য এক প্রকার সবুজ সংকেতই দিলেন।

সোমবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিসিবির সাকিব ভাবনা প্রশ্নের উত্তর দেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান মিঠু। সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ কি না, এমন প্রশ্নের উত্তরে মিঠু বলেন, ‘অবশ্যই নয়। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল.... এটা সামনে দেখার ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘একটা বিষয় তো পরিষ্কার, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, যেকোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।’

দেশের মাটিতে সাকিবের ক্রিকেট খেলার সম্ভাবনা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেই-ই বলা যায়। পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশের পরের গন্তব্য শ্রীলঙ্কা। সেখানে খেলতে যাওয়া পূর্ণ সিরিজে সাকিব দলে ফেরেন কি না, সেটিই দেখার বিষয়। আর যেহেতু আনুষ্ঠানিকভাবে শেষ টেস্টটি এখনো খেলা হয়নি সাকিবের, তাই সাদা পোশাকেও তাকে জাতীয় দলে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত