হোমিও, ইউনানি ও আয়ুর্বেদি নিয়ে সংস্থার প্রতিবেদন বৈষম্যপূর্ণ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:৩৬ এএম

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনকে চরম বৈষম্যপূর্ণ বলে মত দিয়েছে বৈষম্যবিরোধী হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক জাতীয় ঐক্য পরিষদ। পরিষদের নেতারা বলেছেন, প্রতিবেদনে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে কোনো প্রস্তাবনা নেই। বরং এই স্বাস্থ্য খাত সম্পর্কে অনেক ভুল ও অসংগত তথ্য উপস্থাপন করা হয়েছে। তারা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারের এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সম্মেলনে কমিশনের প্রতিবেদনে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাত-সংক্রান্ত নানা অসংগতি তুলে ধরা হয়।

সম্মেলনে এই চিকিৎসা খাত নিয়ে একটি তথ্যচিত্র তুলে ধরেন পরিষদের আহ্বায়ক ডা. মির্জা লুতফর রহমান লিটন ও সদস্য সচিব ডা. তাওহিদ আলবেরুনী। এ সময় পরিষদের সদস্য সদস্য ডা. আমিনুল বারী কানন, ডা. মিজানুর রহমান খান, ডা. মোস্তাফিজুর রহমান সোহাগ, ডা. কাজী হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চিকিৎসকরা দেশ ও দেশের মানুষের স্বার্থে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক খাতে ইতিবাচক সংস্কার ও উদ্যোগ প্রয়োজন বলে মত দেন এবং এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।

সম্মেলনে বলা হয়, কমিশনের প্রতিবেদনে  সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সেক্টর হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাব্যবস্থা নিয়ে অসংগত তথ্য উপস্থাপন ও চরমভাবে উপেক্ষা করা হয়েছে। কমিশনে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাতের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এমনকি কমিশন হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, ইউনানি আয়ুর্বেদিক বোর্ড, কাউন্সিল, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট খাতের দায়িত্বশীল প্রতিনিধিদের থেকে মতামত নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত