ফেরিওয়ালা পরিচয়ে দেড় মাস আগে বাসা ভাড়া নেন সুব্রত বাইন

আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:৪২ পিএম

ইন্টারপোলে রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে তার সহযোগী মোল্লা মাসুদসহ কুষ্টিয়ার কালিশংকরপুর থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। তাদের মধ্যে একজন সুব্রত বাইন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাকে বাড়ি ভাড়া নিতে সহযোগিতা করেন স্থানীয় প্রবাসফেরত হেলাল নামে এক যুবক। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। উপরের দোতলায় ছাত্রাবাস ছিল।

ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা জানান, ভোরে হঠাৎ বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তারা জানতে পারেন, এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীরা। 

রবিউল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় রাস্তায় ভোর ৫টার দিকে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাই। এ সময় বাড়িটি ঘিরে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। জিজ্ঞাসা করলে তারা জানান, ছাত্রদের মেসে অভিযান চলছে। এরপর ওই বাড়ি থেকে দুজনকে নিয়ে যাওয়া হয়।

ছাত্রাবাসে থাকা ইমন নামের এক শিক্ষার্থী বলেন, ভোরে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রাবাসে এসে আমাদের সবাইকে একত্র করেন। একটি কক্ষের ভেতরে ১৮ জনকে রেখে আমাদের বলা হয়, অভিযান চলছে। এরপর নিচতলা থেকে দুজনকে নিয়ে যায়।

এ বিষয়ে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত