মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই চীনা নাগরিক ও বাংলাদেশি একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চীনা নাগরিক দুজন হলেন- হু জানজুন (৩০) ও জিয়াং লিজি (৫৪) এবং বাংলাদেশি নাগরিক মো. নয়ন আলী (৩০)।এয়ারপোর্ট আর্মড পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএন সূত্র জানায়, গাইবান্ধা জেলার শ্রাবন্তী আক্তার (১৯) নামে এক ভুক্তভোগী তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। সোমবার রাতে ভুক্তভোগীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে তিনি বিমানবন্দরের মূল প্রবেশ পথ গোলচত্বর এলাকায় এয়ারপোর্ট এপিবিএন পুলিশ সদস্যের কাছে অভিযোগ করেন দুজন চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছে।
অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈন নেতৃত্বে তাদের একটি টিম ওই দুই চীনা নাগরিককে এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে আসেন। তাদের কাছে জিজ্ঞাসাবাদে ও ভুক্তভোগীর প্রদানকৃত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভাটারা এলাকায় একটি বাড়িতে আরও দেশি-বিদেশি পাচারকারী ও নারী ভুক্তভোগী অবস্থান করছে। প্রাপ্ত তথ্য অনুসারে এয়ারপোর্ট এপিবিএন এর একটি দল সেই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা মো. নয়ন আলী (৩০) নামে আরেক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এসময় পুলিশ পাচারকারী চক্রের গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মানবপাচারকারী এই দুই চীনা নাগরিক প্রায় একবছর আগে বাংলাদেশে আসে। বাংলাদেশে তারা উভয়ই ভাটারায় বসবাস করতে থাকে এবং দেশীয় বিভিন্ন দালালদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরবর্তী সময় বাংলাদেশি নাগরিক নয়ন আলীর সহযোগিতায় ভুক্তভোগীকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখাতে থাকে। বিবাদীরা পরস্পর যোগসাজসে ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার জন্য রাজি করায়। পরবর্তী সময় ভুক্তভোগীর নামে ভুয়া ঠিকানায় পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে। অতঃপর গত মার্চ মাসে ১০ লাখ টাকা দেনমোহরে চীনা নাগরিক হু জানজুন এর সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সামগ্রিক কাজে জিয়াং লিজি ও নয়ন আলী সহযোগিতা করে। পরবর্তী সময় ভিকটিমকে না জানিয়ে চীনে নিয়ে যাওয়ার জন্য জিয়াং লিজি ভিকটিমের নামে প্লেনের টিকিট বুক করে। অভিযুক্তরা বিএস৩২৫ ফ্লাইটে ভিকটিমকে চীনে পাচার করার জন্য জোর করে বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসলে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি এয়ারপোর্ট আর্মড পুলিশের নজরে আসে।
এপিবিএন সূত্র জানায়, বুধবার ভুক্তভোগীর মা রাশিদা (৪৩) নিজে বাদী হয়ে ইতিমধ্যে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/৬(২)/৭/৮/১০ ধারায় মামলা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি এপিবিএন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের অপরাধে চীনা নাগরিক আটকের এটি দ্বিতীয় ঘটনা। আমরা লক্ষ করছি বেশ কিছু মানবপাচারকারী চক্র স্থানীয় দালালদের সহযোগিতায় নারী পাচারের চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা মূলত গ্রামের সহজ-সরল ও দরিদ্র পরিবারের নারীদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচার করার চেষ্টা করে। গোপন তথ্য বা অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করি।
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।
ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল
ডা. জুবাইদার আপিলের রায় ঘোষণা আজ