লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৮ জনকে পুশইনের চেষ্টা

আপডেট : ২৮ মে ২০২৫, ০৪:১৪ পিএম

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়দের বাঁধায় সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 

বিজিবি জানায়, বুধবার ভোরের দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ৬ জন এবং পাটগ্রাম উপজেলার আমবাড়ি, পঁচা ভাণ্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, দুর্গাপুর সীমান্ত দিয়ে ভোর ৫টার দিকে ১৩ জনকে
পুশইনের চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আমরা তা প্রতিহত করি।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুজাহিদ মাসুম জানান, পাটগ্রামের একাধিক সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবর পাওয়া যায়। তবে বিজিবি তৎপরতায় কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয়নি।  

বিজিবি সূত্র জানায়, কাঁটাতারের বেড়ার গেট খুলে যাদের পাঠানো হচ্ছিল, তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। এদের মধ্যে অনেকেই নারী ও শিশু। বিজিবির বাঁধার মুখে এসব লোকজন এখন ভারতের অংশে, খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

বনচৌকি বিজিবি ক্যাম্পের কমান্ডার লুৎফর রহমান বলেন, দুজন নারী ও চারজন পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু আমরা
এতে বাধা দিই। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।  

বিজিবি জানায়, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে সীমান্তে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে একত্রে পাহারা দিচ্ছে বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত