আইন মন্ত্রণালয়

মামলা প্রত্যাহার বিষয়ে দলগুলোর বক্তব্য ঠিক নয়

আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:১০ এএম

রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার বিলম্ব করছে বলে যে অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো তার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বলেছে এ অভিযোগ বস্তুনিষ্ঠ নয়। গতকাল বুধবার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল। অভিযোগটি বস্তুনিষ্ঠ নয়। এ ধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর গঠিত হওয়ার পর থেকে নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কার্যালয় থেকে পাঠানো তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১৬টি সভায় ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৫ সালের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ২৭ এপ্রিল ১ হাজার ২০০টি মামলা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ গত ২০ মে ৪৪টি মামলা প্রত্যাহার করতে আন্তঃমন্ত্রণালয় কমিটিকে বলেছে।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে এসব মামলার প্রায় অর্ধেক আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রত্যাহারের সুপারিশ করেছে। দুটি রাজনৈতিক দলের পাঠানো মামলার তালিকার সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র (এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট) পাঠানো হয়নি বলে অন্য মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে।

মামলা প্রত্যাহারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চেয়ে বলা হয়েছে, দ্রুত প্রত্যাহারের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সব মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে অবিলম্বে দাখিলের অনুরোধ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত