সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য প্রথমবারের মতো গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর আলোকে গতকাল বুধবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশের ধারা ৭ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র এবং পাসপোর্ট সাইজের একটি ছবিসহ আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি দরখাস্ত জমা দিতে হবে। যারা ইতিপূর্বে নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
গত ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে জারি হয়। এ অধ্যাদেশে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে।
