বিকেন্দ্রীকরণে উদ্যোগ, ঢাকার বাইরেও হচ্ছে বিসিবির অফিস

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৪৫ এএম

ঢাকাকেন্দ্রিকতার বৃত্ত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে বের করে আনতে চাচ্ছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায়ই বিকেন্দ্রীকরণের স্পষ্ট রূপরেখা দিলেন সাবেক এই অধিনায়ক।

আজ শনিবার বিসিবি পরিচালকদের সঙ্গে প্রথম বৈঠকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন বুলবুল। সভা শেষে গণমাধ্যমকে জানানো হয়—ঢাকার বাইরেও বিসিবির কার্যক্রম বিস্তৃত করার জন্য রাজশাহী ও চট্টগ্রামে দুটি অফিস স্থাপনের কাজ শুরু হয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘প্রেসিডেন্ট একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এরমধ্যে ৩-৪টি কার্যক্রম আমরা ইতোমধ্যেই শুরু করে দিয়েছি। এর মধ্যে রয়েছে—খেলার চেতনা রক্ষা, সবার জন্য হাই-পারফরম্যান্স, সংযোগ ও উন্নয়ন, স্বচ্ছতা এবং সর্বত্র সুশাসন নিশ্চিত করা।’

মিঠু জানান, বুলবুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিকেন্দ্রীকরণের ওপর। তাঁর ভাষায়, ‘অনেক দিন ধরেই আমরা বলে আসছি, ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই রাজশাহীতে একটি এবং চট্টগ্রামে একটি অফিস স্থাপনের কাজ শুরু হয়েছে। এটা আমাদের বহুদিনের স্বপ্ন—যা অবশেষে বাস্তবায়নের পথে।’

বিকেন্দ্রীকরণ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিচালকদের মাঝে। উত্তরাঞ্চলের রাজশাহীর দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী। আর চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন চৌধুরী।

ক্রিকেট পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়েও কড়াকড়ি চান বুলবুল। তাই প্রত্যেক বিভাগীয় প্রধানকে আলাদা করে প্রেজেন্টেশন দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রথম দিনেই এমন গঠনমূলক আলোচনা এবং সিদ্ধান্ত নতুন সভাপতি বুলবুলের কার্যকর নেতৃত্বের ইঙ্গিত দেয়। এখন দেখার বিষয়, তার নেওয়া পরিকল্পনা মাঠে কতটা সফলভাবে বাস্তবায়িত হয় এবং দেশের ক্রিকেটে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত