সেন্টমাটিনে রিসোর্টের গর্তে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নজরুল পাড়ায় নীল দিগন্ত রিসোর্টের মাটি ভরাট কাজে সৃষ্ট গর্তের পড়ে মোহাম্মদ রায়হান স্বাদ (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন নজরুলপাড়ার নীল দিগন্ত রিসোর্টের গর্তে পড়ে শিশুটি মারা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

মোহাম্মদ রায়হান স্বাদ সেন্টমার্টিন দ্বীপের নজরুলপাড়ার বাসিন্দা ও মুদির দোকানদার কেফায়েত উল্লাহ ছেলে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বাড়ির পাশে নীল দিগন্ত রিসোর্ট নির্মাণ করার সময় ফসলি জমি থেকে মাটি ব্যবহার করা হয়। এরপর আর সেই গর্ত ভরাট না করার পাশাপাশি কোন ধরনের ঘেরা-বেড়া না দেওয়াই বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টির পাশাপাশি পানি জমে ভরাট হয়ে যায়। বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন শিশুরা মিলে খেলাধুলা করার একপর্যায়ে শিশু মোহাম্মদ রায়হান স্বাদ গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি এক পর্যায়ে মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিনের ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর বাবা কেফায়েত উল্লাহ বলেন, রিসোর্টের মালিক জমি কিনে রিসোর্ট বানিয়ে ব্যবসা-বাণিজ্য করে তিনি কোটিপতি হচ্ছেন কিন্তু আমাকে সন্তানহারা করা হয়েছে। নিজেদের জমি ভরাট করলেও কেন তিনি ওই গর্তে ঘেরা-বেড়া দেয়নি। এখনই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অজিত কুমার দাশ বলেন, সেন্টমার্টিন নীল দিগন্ত রিসোর্টে পাশে জমে থাকা গতের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত