সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:৩৩ পিএম

সাভারের হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। রবিবার (১ জুন) দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা হেমায়েতপুর-সিংগাইর সড়কটি অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে করে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ ও পথচারীরা। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।

থানা পুলিশ ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় বসুন্ধরা গামের্ন্টসটির মালিক শহীদুল্লাহকে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। সেসময় শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন রবিবার (১ জুন) এবং মে মাসের বকেয়া বেতন আগামী বুধবার (৪ জুন) দেয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার বেতন পরিশোধের তারিখ থাকলেও সকাল থেকেই মালিক কারখানায় না গিয়ে পলাতক রয়েছেন। অন্যদিকে শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন। একপর্যায়ে দুপুর ৩টা থেকে শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কটি অবরোধ করে রাখে। থেমে থেমে বৃষ্টির মধ্যেও বিক্ষোদ্ধ শ্রমিকরা কেউ ছাতা নিয়ে, আবার অনেকে বৃষ্টিতে ভিজেই সড়কে অবস্থান করেন। 

এদিকে পাঁচ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন আটকা পড়ায় সড়কের দুই পাশে সৃষ্টি হওয়া তীব্র যানজট চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ সাধারণ মানুষ। সর্বশেষ রাত সাড়ে ৮ টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। 

কারখানাটির নারী শ্রমিক আলেয়া আক্তার বলেন, আমাদের দুই মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করায় সকল শ্রমিকরা সড়ক অবরোধ করেছ। আমাদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা সড়কেই থাকবো।

অপর শ্রমিক জেসমিন আক্তার বলেন, বেতন-ভাতা বকেয়া থাকায় আমরা ঘর ভাড়া দিতে পারছি না। এই অবস্থায় দোকানদার আমাদের বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা কি খাবো, কোথায় যাবো। বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছে, সামনে আবার ঈদ। বেতন বোনাস না পেলে বাড়িতেও যেতে পারবো না। গার্মেন্টস মালিক যেখানেই পালিয়ে থাকুক না কেন তাকে ধরে এনে এবং প্রয়োজনে কারখানা বিক্রি করে বকেয়া বেতন ভাতা পরিশোধ করার জন্য বিজিএমইএ, পুলিশ এবং শ্রম মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান। 

সাভার চামড়া শিল্প নগরী (ট্যানারী) পুলিশ ফাঁড়ির (এসআই) মো. আমির হোসেন জানান, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে দুপুর ৩টা থেকে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা হেমায়েতপুর সিংগাইর সড়কটি অবরোধ করে রেখেছে। 

বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. রফিকুল ইসলাম সুজন আন্দোলনকারী গামের্ন্টস শ্রমিকদের ন্যায্য পাওনা, বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধের জন্য জোর দাবি জানান। 

আশুলিয়ায় শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, এর আগেও শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে। পরে আমরা মালিককে এনে বিষয়টি সমাধানের চেষ্টা করি। সেসময় মালিক শ্রমিকদের আংশিক বেতন পরিশোধের জন্য ৫৮ লাখ টাকা নিয়ে আসলেও বিক্ষুব্ধ শ্রমিকরা তা নেয়নি। তারা একসঙ্গে সব পাওনা পরিশোধের দাবি করলে মালিক দুই ধাপে তা পরিশোধের আশ্বাস দেন। সেই অনুযায়ী রবিবার বিকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সময় দেওয়া হলেও সকাল থেকেই কারখানার মালিক মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন। এখন শ্রমিকরা বৃষ্টির মধ্যেও রাস্তায় অবস্থান নিয়ে বসে আছে এবং বেতন-ভাতা পরিশোধ না করলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। আমরা বিষয়টি বিজিএমইএ কতৃপক্ষকে জানিয়েছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত