জাতীয় বিশ্ববিদ্যালয়

চাকরিতে যোগ দিলেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৩৭ এএম

উচ্চ আদালতের আদেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী গতকাল রবিবার মূল ক্যাম্পাসে এসে চাকরিতে যোগদান করেছেন। এ সময় ১৪ বছর ধরে এ ক্যাম্পাসের বাইরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরে যে মানবেতর জীবন যাপন করেছিলেন চাকরিতে যোগদানের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির উদ্যোগে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভিসি বলেন, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ থেকে রায়ের আলোকে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন ও আঞ্চলিক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের অধীন সব স্থানে তাদের নিযুক্ত করা হবে। এসব কর্মকর্তা-কর্মচারী যাতে বসে না থাকে কাজের মধ্যে থাকেন তার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বে-ইনসাফ করা হয়েছিল, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তাদেও পক্ষে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত