শেষ হলো হজ ফ্লাইট গেলেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৩৯ এএম

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে গতকাল রবিবার সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২১৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। গতকাল রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি, সৌদি এয়ারলাইনসের ৮০টি, ফ্লাইনাস এয়ারলাইনস ৩১ ফ্লাইট পরিচালনা করেছে। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১২ হাজার ৪৭৩ জন হজযাত্রী  সৌদি পৌঁছান।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ বাংলাদেশি। সর্বশেষ ২৯ মে মৃত্যুবরণ করেছেন মাদারীপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ৯ জন ও মদিনায় ৬ জন মারা গেছেন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত