এমসি ইনস্টিটিউট ফ্রান্সে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা

আপডেট : ০২ জুন ২০২৫, ১০:১২ পিএম

ফ্রান্সের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউটের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা কেন্দ্র করে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় ওফিওরা হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে রাসূল (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘এ’ ০৬ বছর থেকে ১২ বছর এবং গ্রুপ ‘বি’ ১২ বছর থেকে ২৩ বছর। অংশগ্রহণকারীরা ৯০ মিনিটে মোট ১০০টি মাল্টিপল চয়েস ও লিখিত ছোট প্রশ্নের উত্তর দেন। 

প্রতিযোগিতায় ১ম পুরস্কার ১০০০ ইউরো, ২য় পুরস্কার ৭০০ ইউরো ও ৩য় পুরস্কার ৫০০ ইউরো। এছাড়া সঠিক উত্তরের ওপর ভিত্তি করে বিশেষ পুরস্কার দেওয়া হয়, যার স্পন্সর ছিল আমি ভয়জের সত্ত্বাধিকারী তানজিম হোসাইন। 

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন বলেন, এটি কেবল একটি জ্ঞানের মেলা নয়, বরং রাসূল (সা.) এর সীরাত ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান। 

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান ইমন বলেন, আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে নবীজীর জীবন ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। আশা করি, এ ধরনের প্রতিযোগিতা তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করবে।

এতে বক্তব্য দেন লাব্বাইক বুশরির সত্তাধারী আজাদী আবুল বাশার। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন ফ্রান্স বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহ-সমন্বয়ক মুহাম্মদ কামরুজ্জামান। পরীক্ষা নিয়ন্ত্রক ও বিচারক ছিলেন মাওলানা হাফেজ মাইন উদ্দিন, মাওলানা নাজির আহমেদ, মাওলানা মাসুক আহমেদ, হাসান মোহাম্মদ আরিফিন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর সাবেক প্রভাষক নাজনিন বেগম।

উপস্থিত ছিলেন এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিন, কোষাধ্যক্ষ লুৎফর রহমান, সদস্য আব্দুস সালাম মামুন, সমাজসেবক ফারুক খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত