নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার শুনানি শেষে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আঃ কাইউম খান জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যার চেষ্টা এ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয়।
