মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:৫৮ এএম

রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুমা (২৫)। নিহত অন্য ব্যক্তির (৪০) পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার সকালের দিকে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার জানান, তেজগাঁওয়ের নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবার পাগলার পুল রেললাইন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। রেলওয়ে থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এক নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। ওই নারী নেত্রকোনার আটপাড়া থানার দিয়ারা গ্রামের যতনের কন্যা। তার স্বামীর নাম রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত