নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটার ভুয়া জন্মসনদ তৈরি করে ভোটার হতে এসে দালালসহ আটক হয়েছে এক রোহিঙ্গা শরণার্থী। মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২২ নম্বর ক্যাম্পের ৩৯৫ রুমের আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) ও সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওর কোট গ্রামের স্বর্ণকার বাড়ির মৃত শফিকুল্লার ছেলে মো. বেলায়েত হোসেন (৪৩)।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামের বসবাসরত সোনাইমুড়ীর বাসিন্দা দালাল রাজুর মাধ্যমে রোহিঙ্গা যুবক নুরুল আমিন স্থানীয় ইউনিয়নের জন্মসনদ তৈরি করেন। এরপর মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক নুরুল আমিন সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসে ভোটার হবার জন্য আসে। বিকালে দালাল রাজুর চাচা বেলায়েত হোসেন রোহিঙ্গা যুবকের ভোটার হওয়ার সকল কাগজপত্র প্রস্তুত করে উপজেলা নির্বাচন অফিসে আসে।
কিন্তু রোহিঙ্গা যুবককে ভোটার হওয়ার জন্য ছবি তোলার সময় নির্বাচন অফিস তাদের কথাবার্তায় গরমিল পেলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে রোহিঙ্গা যুবক জানান, রাজু দালালের মাধ্যমে তিনি ভোটার হতে এসেছেন। দালাল রাজু ভোটার হতে তাকে তার কাকা দালাল বেলায়েতের হাতে তুলে দিয়ে ঘটনার পর গা ঢাকা দেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আচরণ, তথ্য ও কথা গরমিল পেলে সন্দেহ হয়। একপর্যায়ে তাদের কাগজপত্রের বিষয়ে চ্যালেঞ্জ করা হলে তারা ধরা পড়েন। আটক দুইজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
