গত ২৮ মে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির সুপার ফাইভ নেতৃবৃন্দ। তারা হামলার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সদ্য সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, সদ্য সাবেক কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সেলিম ও সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. মেহেদী হাসান এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ঐদিন একজন সহযোগী অধ্যাপক, ৮-১০ জন চিকিৎসক, নার্স, কর্মচারী সহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেদিন ১৫০ জন কর্মকর্তা এবং কর্মচারীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এমন ঘটনায় চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
বিবৃতিতে বলা হয়, চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল। এমন অবস্থায় সেই হাসপাতালে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তপক্ষকে আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ। তারা হাসপাতালে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জনান।
