ফারুকের মনোনয়ন বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:৪৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্র্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। স্থিতাবস্থা আদেশের ফলে বর্তমান সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

এর আগে গত ২৯ মে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল ও পরদিন ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এ দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের পক্ষে গত রবিবার রিট করেন তার আইনজীবীরা। রিটটি সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে ওইদিন হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দিলেও অন্য কোনো বেঞ্চে রিটটি উপস্থাপন করার স্বাধীনতা আবেদনকারীর থাকবে বলে উল্লেখ করে আদালত। এরপর এই বেঞ্চে রিটটি দাখিল করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘আদালত রুল ও স্থিতাবস্থা দিয়েছে। যারা আছেন তারা থাকবেন। আদালতের বক্তব্য হচ্ছে, যে যেভাবে আছেন, সে সেভাবে থাকবেন। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। তার মানে যে যে অবস্থায় আছেন, সে অবস্থায় ফাংশন করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত