কিউবা এখন পুরোপুরি বাংলাদেশের, তারপরও...

আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:৫৪ পিএম

ভোরে শমিত সোম ঢাকায় পা রেখেছেন। অবশ্য তার কয়েক ঘন্টা আগেই দেশের ফুটবলকে বড় সুখবর দিয়েছে ফিফা। আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া সাদারল্যান্ড এফসি'র অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছে ফুটবলের বিশ্ব নিয়ন্তা সংস্থা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশেনর ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ফিফার পোর্টালে তাকে খেলানোর ব্যাপারে অনাপত্তি চেয়ে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার গভীর রাতে সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয় ফিফা। ফলে বাংলাদেশের হয়ে কিউবা মিচেলের খেলার কোন বাধা রইলো না। একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

তারপরও কথা থেকে যাচ্ছে। বাংলাদেশে খেলার ছাড়পত্র ফিফার কাছ থেকে মিললেও আসছে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে কিউবা মিচেল থাকবেন কীনা সেটা নির্ভর করছে এএফসি এবং বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার ওপর। সেই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নাম অন্তর্ভূক্তের শেষ সময় ছিল মঙ্গলবার রাত ১০টা। বাফুফের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা সেই সময়ের মধ্যেই তার নাম অন্তর্ভূক্ত করে। তবে ফিফার অনাপত্তি পত্র মিলেছে এর কয়েক ঘন্টা পর অর্থাৎ অর্থাৎ বুধবার রাত আড়াইটার দিকে। ফিফার অনুমোদন মেলার সঙ্গে সঙ্গেই এএফসিকে জানানো হয়েছে বিষয়টা। এখন এএফসি যদি কিউবা মিচেলের নাম প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেয় তবে তাকে চূড়ান্ত স্কোয়াডে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

বাফুফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'স্কোয়াডে কে থাকবে, কে থাকবে না সেটা নির্ভর করে কোচের সিদ্ধান্তের ওপর। এখানে আমাদের কোন হস্তপেক্ষপ কখনই থাকে না। বাংলাদেশের হয়ে খেলার প্রশ্নে কিউবা মিচেলের যাতে কোন বাধা না থাকে সেই কাজটাই আমরা করেছি। এর পরেরটা কোচের সিদ্ধান্ত।'

শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যদি কিউবা মিচেলকে সুযোগ নাও পান, তাতে হতাশ হওয়ার কিছু নেই। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে এবং অক্টোবরে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে তার খেলা নিয়ে কোন সংশয় নেই।

এর মধ্যেই বাংলাদেশের মধ্যমনিতে পরিণত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। কানাডা জাতীয় দল, মেজর লিগ সকার ও কানাডা শীর্ষ লিগে খেলা শমিত সোমা বুধবার ভোরে ঢাকায় এসেছেন। ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামও ক্যাম্পে থেকে জোড় চেষ্টা চালাচ্ছেন চূড়ান্ত স্কোয়াডে নাম তোলার। এর সঙ্গে কিউবা মিচেলও যদি যোগ দেন, তাহলে তো কথাই নেই। আগে থেকেই থাকা জামাল ভুঁইয়া, তারিক কাজী, শাহ কাজেম কিরমানিসহ সাত প্রবাসীর সঙ্গে রাকিব হোসেন, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, মিতুল মারমা, শাকিল আহাদ তপুদের মতো সেরা স্থানীয়দের ঘিড়ে এশিয়ান কাপের চূড়ান্ত কাপে খেলার স্বপ্ন দেশের মানুষ দেখতে শুরু করেছে আগে থেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত