জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে এক বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে রাঙা মিয়া নামে এক মাহিন্দ্র গাড়িচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি মো.গোলাম মোস্তফা জিন্নাহ (৩৫) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ জুন) রাত ২টার দিকে কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদেরক গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (৪ জুন) দুপুরের দিকে মাহিন্দ্র গাড়ির চালক রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে পাঠিয়ে দিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারকৃত মো.গোলাম মোস্তফা জিন্নাহ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া এলাকার মুন্নাফ মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির সদস্য ও সোলাইমান হোসেন সুলাই একই এলাকার মৃত সুরুজ মন্ডলের ছেলে। তিনি বিএনপি নেতা জিন্নাহর সহযোগী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন্দ্র গাড়ি চালক রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকার মমিনুর ইসলামের ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির নেতা জিন্নাহ ও তার সহযোগী সোলাইমান তার কাছে মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হন তারা। পরে গত ৩১মে রাতে মাহিন্দ্র গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে রাঙা মিয়াকে গুরুত্বর আহত করে। পরে গুরুতর আহত রাঙা মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় গাড়ি চালক রাঙা মিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুইটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, চাঁদাবাজির অভিযোগে দুইজনকে যৌথবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অজ্ঞাত নারীর মাথাবিহীন-কব্জি কাটা লাশ উদ্ধার
চলন্ত বাস থেকে ধাক্কা, চাকায় পিষ্টে যাত্রীর মৃত্যু