ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন মাহেন্দ্রযাত্রী। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের ইব্রাহীম সর্দার (৬০), ইব্রাহীমের ছেলে মনির সর্দার (৪০), তারা মিয়া শেখ (৫৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মিজানুর রহমান (৫০)। নিহত একজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, সকালে গরু কিনতে শিবচর থেকে টেকেরহাটের উদ্দেশে মাহেন্দ্র করে রওনা দেয় ৯ যাত্রী। এ সময় মাহেন্দ্রটি ভাঙ্গা বাবলাতলা নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে মাহেন্দ্রটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলেসহ ৪ জন। এ ঘটনায় আহত হয় ৫জন। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও গুরুতর আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানসীব জুবায়ের নাদিম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আনার পর আরও এক জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। আহত ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার শাহীন আলম বলেন, মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। এদের মধ্যে এক জনের পরিচয় জানা যায়নি।
এদিকে, নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় কাশেম আলী ম-ল (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গড়মাটি ঘাট গুচ্ছগ্রামের নায়েব আলী ম-লের ছেলে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে তিনি গড়মাটি বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টার দিকে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত বনপাড়ার একটি ক্লিনিকে নেওয়ার পথে মারা যান।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পিছু ধাওয়া করে ঈশ্বরদী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
