ঈদুল আজহা-২০২৫ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’-এর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় এবারের ঈদযাত্রায় বিআরটিসির সার্বিক প্রস্তুতি ও সেবা সম্পর্কে তুলে ধরেন তিনি। এহছানুল হক বলেন, সারা বাংলাদেশে যাত্রীসেবার জন্য আমাদের বিআরটিসি বাস নিয়োজিত থাকবে। আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ৬৩০টি বাস আমাদের ‘ঈদ স্পেশাল সার্ভিস’-এ সংযোজন করা হয়েছে। ঢাকাসহ সারা দেশের ২৬টি স্থান থেকে আমাদের এই সার্ভিস পরিচালিত হবে। বিশেষ করে ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছে তাদের সহজে, স্বল্প খরচে ও নিরাপদে আমরা বাড়ি পৌঁছে দিই এবং বাড়ি থেকে আসার ব্যবস্থা করি।
তিনি বলেন, প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইল ফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সংবলিত স্টিকার লাগানো হয়েছে। সেইসঙ্গে অতিরিক্ত যাত্রী যাতে কেউ পরিবহন না করতে পারে, অনিয়ম যাতে না হয়, যত্রতত্র যাতে যাত্রী ওঠানামা করা না হয় এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চালকদের তৈরি করা হয়েছে। যাতে করে যাত্রী হয়রানি রোধ করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা ছাড়াও সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, জিএম, ডিজিএম, অপারেশন বিভাগের কর্মকর্তাসহ মতিঝিল বাস ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
