মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ১৫ টি ককটেল ও ধারালো চাকুসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরা হচ্ছে রিপন মল্লিক (২৮) ও মো. মুন্না মীর শাওন (৩০)। রিপন সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের বাসিন্দা ও শাওন জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল গ্রামের বাসিন্দা।
দুপুর দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টার দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে যৌথ বাহিনী মাকহাটি বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের আলম মল্লিকের হোটেলের সামনের রাস্তায় মোটর সাইকেলের গতিরোধ করে চালক ও আরোহী রিপন ও শাওনের শরীর তল্লাশি করে। এসময় রিপনের কাছ থেকে ৫ টি ককটেল ও শাওনের কাছ থেকে ১০ টি ককটেল ও ১ টি ধারালো চাকু পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
