টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এদের মধ্যে ১৪ জনকে অপেক্ষা করতে দেখা গেছে টেকনাফ বাসস্টেশন এলাকায় আবু ছিদ্দিক মাকের্ট এলাকায়। এরা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুই জন নারী দুই জন পুরুষ ১০ জন শিশু রয়েছে।

মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকুলে ওঠেন। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশাযোগে এরা টেকনাফ স্টেশন এলাকায় আছেন। ওখানে মাকের্টটি আশ্রয় নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন আটকে রেখেছে।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মিয়ানমারেরর জান্তা সরকারের সংঘাতের পর ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নেন আরাকান আর্মি। এরপর থেকে ১ মে পর্যন্ত নতুন করে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছিল ইউএনএইচসিআর ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত